সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি পিলারের ছবি ভাইরাল হয়েছে। যেখানে পিলারের উপরের অংশে ফাটলের পাশাপাশি বড় একটি গর্ত দেখা যাচ্ছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও আইডি থেকে ছবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে একাধিক ক্যাপশনও পাওয়া যায়। যারমধ্যে একটিতে ঘটনাস্থল হিসেবে ‘জয় বাংলা পিলার সামলা । লোকেশন শেওড়াপাড়া’ শীর্ষক ক্যাপশনও দেখা যায়। ইন্টারনেটে ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, মেট্রোরেলের শেওড়াপাড়ার ওই পিলারটি ভেঙে গেছে।
ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করলে দেশের কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এটি যে আসল সে ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে রিভার্স সার্চ করলে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ মে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়।
ওই পোস্টে ইন্টারনেটে প্রচারিত ছবিটির মতো দেখতে একটি ছবি যুক্ত করে ‘এগুলো ফাটল নাকি অন্যকিছু?’ শীর্ষক ক্যাপশনে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। তবে সেই ছবিতে ভাইরাল হওয়া ছবির মতো ভাঙা অংশ দেখা যায়নি। শুধু পিলারের গায়ে ফাটলের মতো দাগ রয়েছে।
অন্যদিকে আলোচিত ভাঙা পিলারের ছবিটি নিয়ে অনুসন্ধানে ‘বাংলাদেশ মেট্রো রেলওয়ে ইনফরমেশন’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ৩১ মে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। সেই পোস্টে ছবিটি যুক্ত করে ক্যাপশনে লিখা হয়েছে ‘এটা কি সত্যিই? লোকেশন শেওড়াপাড়া’। তবে সেই পোস্টের মন্তব্যের ঘরে ‘সাজ্জাদ হোসেন’ নামের একটি আইডি থেকে আলোচিত ভাঙা পিলারের ছবিটি যুক্ত করে মন্তব্য করা হয়েছে, ‘কিছুক্ষণ আগেই আমি এডিট করে মজা করে কমেন্ট করলাম, আপনি আবার পোস্ট দিয়ে দিলেন’। অর্থাৎ, এই মন্তব্য থেকে বুঝা যায় উল্লিখিত ভাঙা পিলারের ছবিটি সাজ্জাদ হোসেনের নিজের সম্পাদিত ছবি।
এছাড়া সরেজমিনেও মেট্রোরেলে আলোচিত ওই পিলারটি পর্যবেক্ষণ করে তাতে কোনো ধরনের ভাঙা অংশ পাওয়া যায়নি। সুতরাং, ইন্টারনেটে প্রচারিত মেট্রোরেলের ভাঙা পিলারের ছবিটি আসল নয়, বরং এটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।

