বিশেষ প্রতিনিধি :
ঈদ-উল-আযহার পরবর্তী ট্রেন যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বাড়তে থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
এই প্রেক্ষাপটে ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে ট্রেন যাত্রীদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি এড়াতে রেলপথ মন্ত্রণালয় বিশেষ সতর্কবার্তা দিয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরিধান করা সকলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী এক বিবৃতিতে জানান, “ট্রেনে ঈদের ফিরতি ভ্রমণে যাত্রীদেরকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। সংক্রমণ এড়াতে সচেতনতা জরুরি।”
দেশজুড়ে ঈদের আমেজ থাকলেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে সরকারের এই সতর্কতা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, ট্রেন স্টেশন ও ট্রেনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

