বিশেষ প্রতিনিধি :
মেট্রোরেলের স্টেশন এলাকায় দোকান বসানো নিষেধ, কিন্তু তা মানা হচ্ছে না। মিরপুর, শাহবাগ, সচিবালয়, মতিঝিলসহ বেশিরভাগ স্টেশনের নিচে ফুটপাতে চলছে রমরমা ব্যবসা। এসব দোকানের বিদ্যুৎ সংযোগও চরম ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ঝক্কি-ঝামেলা কম, তাই দ্রুত জনপ্রিয় হয়েছে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে চার লাখের বেশি যাত্রী।
মেট্রেরোলের যাত্রীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের ব্যবসা। যাত্রীদের অভিযোগ রয়েছে, প্রভাবশালীদের নিয়ন্ত্রণে স্টেশনের নিচে বসছে অবৈধ দোকান। ছিন্নমূলের উৎপাত আর অটোরিকশার বিরক্তি তো রয়েছেই।
অভিযোগ স্বীকার করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, এরই মধ্যে দুজন ম্যাজিস্ট্রেট পাওয়া গিয়েছে। এক মাসের মধ্যে আরও চারজন যোগ দেবেন। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে।
মেট্রোরেলের স্টেশন এলাকা পরিষ্কার রাখতে সিটি করপোরেশনকে তৎপর হওয়ার আহ্বান কর্তৃপক্ষের

