স্টাফ রিপোর্টার :
দেশের রেল পরিবহন ব্যবস্থাকে ধূমপান ও তামাকমুক্ত করতে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত “বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করার উদ্যোগ-প্রকল্প” এর অংশ হিসেবে আজ রাজধানীর রেল ভবনের যমুনা সভাকক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সম্মাননা পদক ২০২৫ প্রদান এবং প্রকল্পের জরিপের তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেন। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন, রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ধূমপান ও তামাকের ব্যবহার শুধু স্বাস্থ্যহানিকর নয়, বরং এটি পরিবেশ ও যাত্রীসেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই রেলওয়ের প্রতিটি স্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, কঠোর নজরদারি এবং আইন প্রয়োগের পাশাপাশি যাত্রী ও কর্মীদের মধ্যে ইতিবাচক আচরণ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে রেল স্টেশনে তামাক সচেতনতা ও প্রতিরোধ কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য আরএনবি ও জিআরপি(পুলিশ) এবং রেলওয়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা পদক প্রদান করা হয়। এই স্বীকৃতির মাধ্যমে রেলওয়ে কর্মীদের উৎসাহিত করে দেশের সকল স্টেশন ও ট্রেনকে ধূমপান ও তামাকমুক্ত করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
রেলপথ সচিব তার বক্তব্যে বলেন, “রেলপথ জনগণের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে চায়। তাই ধূমপানমুক্ত পরিবেশ তৈরিতে আমরা কোনো ধরনের শৈথিল্য দেখাবো না।”
অনুষ্ঠানের শেষাংশে সকল কর্মকর্তা, কর্মচারী ও উপস্থিত অতিথিদের ধূমপান ও তামাকমুক্ত বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার গ্রহণ করানো হয়।

