ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এছাড়া সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচি
৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সময়সূচি
৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা নিম্নলিখিত যে কোনো একটি পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয়পত্র, পে-স্লিপ (শুধু প্রথম বর্ষের শিক্ষার্থী)।

