বিশেষ প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। নির্বাচনকালীন সময়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ট্রেন অপারেশন ও মেইনটেন্যান্স সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। রেলওয়ে স্টেশন, যাত্রীবাহী ও মালবাহী ট্রেন, তেলবাহী ট্রেন, লোকোসেড, ক্যারেজ ও ডিজেল ডিপো, ওয়ার্কশপসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।এছাড়া রেলওয়ে কন্ট্রোল, ইয়ার্ড, ফুয়েলিং পয়েন্ট, ওয়াশপিট, পার্সেল ও বুকিং এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন চালক, গার্ড ও প্রকৌশল বিভাগের কর্মীদের রেল লাইনের আশপাশে নাশকতামূলক তৎপরতা নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কন্ট্রোলকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
রেলওয়ে ট্র্যাক, ব্রিজ ও কালভার্ট পাহারার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী রাত্রীকালীন পেট্রোলিং জোরদার করার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আরএনবি ও জিআরপির টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশও রয়েছে।নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, লোকোমোটিভ, পাওয়ারকার ও গার্ড ব্রেকে অবৈধভাবে কোনো ব্যক্তি ভ্রমণ করতে পারবে না। যাত্রীবাহী ট্রেনের ভেতরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্টেশন ও ইয়ার্ড এলাকায় অপরিচিত ব্যক্তি, ভবঘুরে ও হকারদের প্রবেশ নিয়ন্ত্রণেও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে তা গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরাপদ ট্রেন পরিচালনা নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়ন এবং গৃহীত ব্যবস্থার প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

